দুর্গাপুরে পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল ADDA। বুধবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় আসানসোল–দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন যে প্রকল্পগুলির শিলান্যাস করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য—জাতীয় সড়ক কানেকটিং থেকে সার্কুলার রোড পর্যন্ত সম্পূর্ণ ইউরি গ্যাগারিন পথের উন্নয়ন, হাডকো মোড় থেকে SSB সরণী পর্যন্ত ফোর-লেন রাস্তা নির্মাণ, MAMC এলাকায় কংক্রিট রাস্তা, বিজড়া হাই স্কুলে নতুন পার্কিং শেড এবং বিজড়া কবরস্থানের জন্য বড় ছাউনি নির্মাণ।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি-র চেয়ারপারসন কবি দত্ত-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মাত্র ১৪ মাস আগে দায়িত্ব গ্রহণ করেই ADDA-র চেয়ারপারসন কবি দত্ত পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে যেভাবে সমগ্র দুর্গাপুর শহরের পরিকাঠামোকে ঢেলে সাজাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। একইসঙ্গে উন্নয়নের প্রশ্নে সরকারবিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করতেও শোনা যায় মন্ত্রীকে।
সব মিলিয়ে, দুর্গাপুর শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়নে আজকের এই একাধিক শিলান্যাস অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন শহরবাসী।
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর দুর্গাপুর

















