
দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, গভীর রাতে দোকানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতী। এরপর ক্যাশ কাউন্টার খুলে প্রায় ৫ লক্ষ টাকা নগদ এবং একাধিক দামি মদের বোতল চুরি করে পালিয়ে যায় তারা।
দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে পিছনের দরজার ভাঙা তালা দেখতে পান কর্মীরা। পরে ভিতরে ঢুকে দেখা যায় ক্যাশ কাউন্টার ফাঁকা এবং বেশ কয়েকটি মূল্যবান মদের বোতলও উধাও। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চুরির পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। ফুটেজে কয়েকজন দুষ্কৃতীকে দোকানের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার জেরে নিউ টাউন শিব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রশাসনিক গুরুত্বপূর্ণ দপ্তরের একেবারে পাশেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।















