
নিজস্ব সংবাদদাতা, বীরভূম:
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকরের হাজরা মাঠে জনসভা করে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা Anubrata Mondal। দীর্ঘদিনের সেই চেনা ভঙ্গিতে হুঙ্কার দিয়ে বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।
জনসভা থেকে এসআইআর ইস্যুতে বিরোধী দল বিজেপিকে নিশানা করেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, “তোমাদের ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের তাড়ানোর। সবার সঙ্গে আমরা আছি, আছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। আমার রক্ত আর একজন মুসলিম ভাইয়ের রক্ত একই। বিজেপি ধর্মের রাজনীতি করে, আমরা বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না।”
এসআইআর প্রসঙ্গে বিহার, দিল্লি এবং মহারাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বিজেপির বিরুদ্ধে সরব হন। অনুব্রত মণ্ডলের দাবি, এসআইআর করে মুসলিম ভোটারদের বাদ দিয়ে তৃণমূলকে হারানোর চক্রান্ত করছে বিজেপি। এই প্রসঙ্গে তিনি বলেন, “তোমরা এসআইআর করে দু’কোটি মুসলমানকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। তুমি বাদ দিয়ে দেবে আর আমি বিহার, দিল্লি ও মহারাষ্ট্রের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমরা মরে গেছি নাকি?”
পাশাপাশি এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, “যতদিন জীবন থাকবে পশ্চিমবঙ্গের কোনও মানুষ বাইরে যাবে না। এসআইআর করে এনআরসি করতে চাও? কবে করবে দেখতে চাই।”
এই জনসভায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী Chandranath Sinha।
এদিকে জনসভা শেষে রাজনৈতিক পালাবদলের ছবিও দেখা যায়। মুরারই ১ নম্বর ব্লকের মহুরাপুর অঞ্চলের শ্রীরামপুর গ্রামের প্রায় ১০০ জন সিপিআই(এম) কর্মী দল ছেড়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
তৃণমূলে যোগদান করা সাহিল শেখ বলেন, “দিদির উন্নয়নের জোয়ার দেখেই আমরা তৃণমূলে যোগদান করলাম অনুব্রত মণ্ডলের হাত ধরে।” আরেক কর্মী সেন্টু শেখ জানান, “দুস্থ ভাগচাষি এবং ভূমিহীন মানুষের জন্য যে অনুদান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়নের কাজে সামিল হতেই আমরা তৃণমূলে যোগদান করেছি।”















